নিষিদ্ধ লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা অবস্থান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় সম্ভাব্য কর্মসূচি মূল্যায়ন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিদের কাছে একটি জরুরি বার্তা পাঠানো হয়।

আরও পড়ুন: পুলিশ হেডকোয়ার্টার জানালো, রংপুর কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে

বার্তায় উল্লেখ করা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল বা সমাবেশের চেষ্টা হতে পারে। এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বা সংঘর্ষের ঝুঁকি সৃষ্টি হওয়ার আশঙ্কাও তুলে ধরা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণের কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এস এন মো. নজরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট নির্দেশনা তারা পেয়েছেন। তবে নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি বা বিশেষ আশঙ্কার তথ্য নেই বলেও জানান তিনি।

তার ভাষ্য, “আমরা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি। বিভিন্ন কর্মসূচি সামনে থাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে ১০ মহররমের আশুরা এবং ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। এসব কর্মসূচিকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।”

ডিএমপির এই কর্মকর্তা জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনা, চেকপোস্ট কার্যক্রম এবং বিশেষ অপারেশন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় দলটির প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে। তবে বিভিন্ন সময়ে দেশের কয়েকটি স্থানে দলটির নেতাকর্মীদের ঝটিকা কর্মসূচির খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।