ঢাকা ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার, প্রশাসনের তদন্ত শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩৪ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত  এর পোস্টার লাগানোর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ রাতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান ভবন ও শ্যাডো এলাকাসহ একাধিক স্থানে এসব পোস্টার সাঁটানো হয়।

পোস্টারগুলোতে সংগঠনটির কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে। সকালে বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন: মিরপুরে মেট্রোরেল স্টেশনের পাশেই অগ্নিকাণ্ড

ফেসবুকে ভিডিও, প্রশাসনের পদক্ষেপ

রাত ১টার দিকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে বিভিন্ন স্থাপনায় পোস্টার লাগানোর দৃশ্য দেখা যায় বলে জানা গেছে।

আরও পড়ুন: পুরান ঢাকায় এসির গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পোস্টার অপসারণের উদ্যোগ নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ক্যাম্পাসের দেয়াল ও স্থাপনা থেকে পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব এলাকায় রাতে পোস্টার লাগানো হয়েছে, সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের তলব করা হবে। দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার লাগানোর ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছে। ‘জাতীয় ছাত্রশক্তি’ নামের একটি ছাত্র সংগঠন এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় সমাবেশ ও মিছিল করার কথা জানিয়েছে সংগঠনটি।

সতর্ক অবস্থানে প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরাপদ রাখতে প্রক্টরিয়াল টিমের টহল জোরদার করা হয়েছে। কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সহ্য করা হবে না বলে স্পষ্ট করেছেন প্রক্টর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাসও দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পাল্টাপাল্টি কর্মসূচির কারণে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হচ্ছে।