জুরাইন-শ্যামপুরে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জরিমানা আদায় ২৩ হাজার টাকা
রাজধানীর জুরাইন ও শ্যামপুর এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের পাশাপাশি ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২২ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আরও পড়ুন: গুলশানের আলোচিত বাড়ি সরকারের সম্পত্তি, তিন মাসের মধ্যে ছাড়তে হবে সালাম মুর্শেদীকে
ডিএসসিসি সূত্রে জানা যায়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে জুরাইন ও শ্যামপুর এলাকার রাস্তার উভয় পাশের ফুটপাত ও সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ৭টি মামলায় মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক সম্পূর্ণভাবে দখলমুক্ত ও পরিষ্কার করা হয়, ফলে পথচারীদের চলাচল আরও সহজ হয়।
আরও পড়ুন: কাপাসিয়ায় পূবালী ব্যাংক শাখার দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু
অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর স্বার্থে জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ দখল, ফুটপাত দখল এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।





