ঢাবি ক্যাম্পাসে ডিএসসিসির ৫০০ গাছের চারা রোপণ, সবুজ নগর গড়ার আহ্বান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:১২ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা হস্তান্তর ও রোপণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সমন্বয়কের দায়িত্ব পালন করে।

সোমবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আরও পড়ুন: রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূতিকাগার। পাকিস্তান আমল থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি জুলাই আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন: কলাবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত, গ্রেফতার অভিযুক্ত

নগরকে আরও বাসযোগ্য করে তোলার ওপর গুরুত্বারোপ করে মো. আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সরকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পরিবেশবিরোধী নীতির কারণে বর্তমান পরিবেশগত সংকট সৃষ্টি হয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই বৃক্ষরোপণ করতে হবে। টেকসই পরিবেশ নিশ্চিত করতে সবুজায়নের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান অত্যন্ত উদ্বেগজনক। বায়ুদূষণের কারণে নগরবাসী নানা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে একদিনেই কোটি কোটি গাছ লাগানো সম্ভব হবে, যা বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

বক্তব্যের শেষ পর্যায়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরবাসীর যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।