মিরপুর-১১ নম্বরে গুলিবিদ্ধ বিএনপি নেতা, আহত পথচারী নারীও
রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। স্বজনদের দাবি, তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য। এ ঘটনায় রাজিয়া নামে এক পথচারী নারীও আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: এবার দুর্গাপূজায় মিলছে টানা ছুটি, কারা কতদিন পাবেন?
আহত আলমগীরের চাচা মো. আশিক জানান, আলমগীরের বাসা মিরপুর সেকশন-১১-এর ৩ নম্বর রোডে। তিনি মাছের ব্যবসার পাশাপাশি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত।
তিনি জানান, শুক্রবার বিকেলে একটি প্রাইভেটকারে করে চার ব্যক্তি এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং নিতম্বে গুলি লাগে।
আরও পড়ুন: পাইকপাড়াসহ আশপাশের এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় রাজিয়া নামে এক পথচারী নারীও আহত হয়েছেন।
স্বজনদের ধারণা, রাজনৈতিক কোনো বিরোধের জেরে আলমগীরকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলমগীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথাসহ শরীরের কয়েকটি স্থানে গুলি লেগেছে।





