আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাকশ্রমিক সোনিয়া আক্তার (২৮) এবং তাদের পাঁচ বছরের শিশুকন্যা জামিলা।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরে কেটে ফেলতে হয়েছে একটি পা, বিচার দাবি
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে প্রতিবেশীরা প্রথমে বাসার ভেতরে মরদেহগুলো দেখতে পান। খাটের ওপর সোনিয়া আক্তার ও তার মেয়ে জামিলার নিথর দেহ পড়ে ছিল, আর ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল রুবেলের মরদেহ। পরে তারা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অস্বাভাবিক হওয়ায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে।”
আরও পড়ুন: কিশোরগঞ্জের নিকলীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ছয়জন গ্রেফতার
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।





