৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে জামায়াত ইসলামের আমির আটক
সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ঢাকা থেকে বিমানে বেলাল উদ্দিন নামে এক যাত্রী বিপুল পরিমাণ টাকা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে আসছেন। এই সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে যাত্রীদের তল্লাশি শুরু করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বেলাল উদ্দিনকে নগদ ৫০ লাখ টাকাসহ আটক করা হয়।
আরও পড়ুন: গৃহকর্মী নির্যাতন, বিমানের সাবেক এমডি সাফিকুর স্ত্রীসহ ৪ জন রিমান্ডে
পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন স্বীকার করেছেন যে উক্ত প্যাকেটে ৫০ লক্ষ টাকা আছে। এই টাকা ঠাকুরগাঁও জেলায় নির্বাচনী কাজে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। আটক যাত্রী বেলাল উদ্দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত টাকা এখনো গণনা শুরু হয়নি; আইন-শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই টাকা গণনা করা হবে।





