ডলার শক্তিশালী, হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে
বিশ্ববাজারে মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় স্বর্ণের দামে পতন দেখা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ এপ্রিল) দিনের শুরুতে ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮০৯ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ শতাংশ কমে ৪ হাজার ৮২৯ দশমিক ৪০ ডলারে নেমেছে।
আরও পড়ুন: আজ থেকে দেশজুড়ে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা এবং তেলের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, বাজারে ‘যুদ্ধকালীন বাণিজ্য’ পরিস্থিতি ফেরার ইঙ্গিত মিলছে, যা স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলছে।
তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতির চাপ বেড়েছে, ফলে মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের ফলনও ঊর্ধ্বমুখী হয়েছে। ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার তুলনায় স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা চাহিদা কমিয়েছে।
আরও পড়ুন: এপ্রিলের ১৮ দিনে ১.৯৬ বিলিয়ন ডলার রেমিটেন্স একটি স্থিতিশীল ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে
মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র একটি ইরানি জাহাজ আটক করার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে, যা দুই দিনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। যদিও স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবে উচ্চ সুদের হার এর আকর্ষণ কমিয়ে দেয়।
ওসিবিসির কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, বৈশ্বিক ঝুঁকি পরিস্থিতি ও যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতিই এখন স্বর্ণের দামের দিকনির্দেশনা নির্ধারণ করবে।
এদিকে বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ১৫ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়।
অন্যদিকে, বিশ্ববাজারে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৮০ দশমিক ৩৬ ডলারে নেমেছে। প্লাটিনাম অপরিবর্তিত থাকলেও প্যালাডিয়ামের দাম সামান্য কমেছে।





