নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়াতে ঢাকায় ৩ দিনের ‘সেইফকন ২০২৬’ আন্তর্জাতিক প্রদর্শনী শুরু
নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১১তম সেইফকন ২০২৬’।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি)-তে প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে এ প্রদর্শনী চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।
আরও পড়ুন: কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে
আয়োজকরা জানান, এ প্রদর্শনীর মূল লক্ষ্য অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট পাওয়ার ও লাইটিং, পানি ব্যবস্থাপনা, টিম্বার, ইঞ্জিনিয়ার্ড উডসহ সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তির প্রসার ও উন্নয়ন। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিয়ে তাদের পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করছে।
তাদের মতে, এ আয়োজন ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নীতিনির্ধারক, প্রকৌশলী, উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতাও বাড়াবে।
আরও পড়ুন: তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ, ঢাকায় নিযুক্ত তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট (২০২৬) আরেফিন রাফি আহমেদ, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (কেওটিআরএ)-এর ডেপুটি ডিরেক্টর সুনঘুন লি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর সহ-সভাপতি ওয়াং হংবো, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআর)-এর সিনিয়র সহ-সভাপতি এ. জেড. এম. আজিজুর রহমান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।
আয়োজকরা আশা করছেন, ‘সেইফকন ২০২৬’ দেশের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।





