বন্ধ কলকারখানা চালুতে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করতে নীতিগত সুবিধা ও প্রণোদনা দিয়ে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী ধারায় ফেরাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
আরও পড়ুন: দেউলিয়া হয়ে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন বন্ধের পথে
মোস্তাকুর রহমান বলেন, অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে বাংলাদেশ ব্যাংক নীতিগত ও আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, বিশেষ করে গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে নীতিগত সহায়তা, প্রয়োজনীয় অর্থায়ন এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদার করা হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা সহায়তা পেয়েছে ন্যাশনাল ব্যাংক
সভায় গভর্নর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের মূল্য স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দেন। পাশাপাশি বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করছে এমন উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।
প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়মভিত্তিক ও বৈষম্যহীন করার প্রতিশ্রুতি দেন গভর্নর। কাজের গতি বাড়াতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি।
সরকারের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।





