আবারও বাড়লো সোনার দাম
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এর আগে গত ২৬ ও ২৭ নভেম্বরও প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরছে, সবচেয়ে বেশি লাভবান ভারত
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আগের দিন এই দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
আরও পড়ুন: দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে গয়না কেনাবেচার নিয়ম সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। অলংকারের নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। নির্ধারিত দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো গয়না পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।





