যাকাত নিয়ে মন্তব্য: নিলোফার মনির বক্তব্যে ছাত্রশিবিরের প্রতিবাদ
যাকাতকে ‘হেয় প্রতিপন্ন’ করার অভিযোগে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (২ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।
আরও পড়ুন: ছাত্রদেরকে যৌন নির্যাতনে অভিযুক্ত ঢাবি শিক্ষককে দ্রুত শাস্তির দাবি শিক্ষার্থীদের
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি যাকাতের মতো ইসলামের একটি মৌলিক ফরজ ইবাদতকে তুচ্ছতাচ্ছিল্য করে উপস্থাপন করেছেন। একই সঙ্গে তিনি চাঁদাবাজিকে যাকাতের তুলনায় ‘উত্তম’ হিসেবে উল্লেখ করেছেন বলে অভিযোগ করে ছাত্রশিবির। সংগঠনটির দাবি, এ ধরনের বক্তব্য কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
ছাত্রশিবির নেতারা বলেন, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং এটি দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত ও সামাজিক বৈষম্য কমানোর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। অন্যদিকে, চাঁদাবাজি একটি অপরাধ, যা জুলুম ও অন্যায়ের শামিল। এই দুইয়ের তুলনা করাকে তারা ‘ধৃষ্টতা’ হিসেবে আখ্যা দেন।
আরও পড়ুন: কুবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ
বিবৃতিতে ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলা হয়, জনগণের প্রত্যাশা ছিল দেশ চাঁদাবাজি ও জুলুমমুক্ত হবে। তবে বাস্তবে চাঁদাবাজির ক্ষেত্রগুলো কেবল হাতবদল হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এছাড়া, রাজনৈতিক পর্যায় থেকে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্রশিবির নেতারা বলেন, এ ধরনের বক্তব্য জনমনে শঙ্কা তৈরি করছে এবং রাজনৈতিক সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিবৃতির শেষাংশে নিলোফার চৌধুরী মনিকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে তাদের অবস্থান স্পষ্ট করার এবং প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।





