ইতালিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ন, ০৫ জুন ২০২৩ | আপডেট: ৬:০১ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতালি প্রবাসী আগ্রহী বাংলাদেশিদের জন্য ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিশ-২ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। রবিবারের (৪ জুন) দিবাগত রাতে রোমের বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনলাইন প্লাটফর্মে এ কার্যক্রমের শুভ উদ্ভোবন করা হয় গত ১ জুন। আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার ও ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শামীম আহসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গবেষণায় অবদানের স্বীকৃতি, ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা

রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, রোমের বাংলাদেশ দূতাবাস পরিচালিত একটি অনলাইন সমীক্ষায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের নিকট হতে ইতোমধ্যে এই প্রোগ্রামের বিষয়ে আশাব্যাঞ্জক সাড়া পাওয়ায় দূতাবাস এই উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে সৌদি আরব, কাতার, কুয়েত ও দক্ষিণ কোরিয়ার পর ইউরোপের দেশসমূহের মধ্যে ইতালিতে সর্বপ্রথম এই কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে।

জীবিকার তাগিদে অনেক বাংলাদেশি ইতালিতে কর্মরত। সুযোগ ও সময়ের অভাবে পড়ালেখা করার সুযোগ হতে বঞ্চিত হচ্ছেন অনেকেই। কাজের ফাঁকে ও অবসরে নিজেদের দক্ষ এবং প্রাতিষ্ঠানিকভাবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম তাদের বিদেশের মাটিতে সহযোগিতা করবে বলে রাষ্ট্রদূত আশাবাদী।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

উপাচার্য হুমায়ুন আখতার বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম প্রবাসী বাংলাদেশিদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্য পরিচর্যায় সহায়ক হবে।

দূতাবাস জানায়, এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাউবি পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি, এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামসমূহের কার্যক্রম শীঘ্রই ইতালিতে চালু হচ্ছে। রোমে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে উক্ত সব প্রোগ্রামে ইতালিতে বাস করা বা কর্মরত বাংলাদেশি অথবা বাংলাদেশি বংশোদ্ভূত ইতালি প্রবাসীগণ অংশগ্রহণ করতে পারবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনলাইনে দূরশিক্ষণ পদ্ধতিতে প্রোগ্রামসমূহ পরিচালিত করবে যার জন্য ইন্টারনেট সংযোগসহ ফোন, ল্যাপটপ বা কম্পিউটার লাগবে শিক্ষার্থীর। প্রোগ্রামে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির হতে পারবে। অনলাইনে ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতালির সাপ্তাহিক ছুটির দিনে।