ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন, আবাসিক হল ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এদিন দুপুর ১২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
আরও পড়ুন: মধ্যরাতে মতিঝিল আইডিয়াল থেকে ৪৬ শিক্ষককে বদলি
এ ছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও হোস্টেলের মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে।





