ঢাবির সুইমিংপুলে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৪ | আপডেট: ৯:৫১ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেছেন মুহাম্মদ সোয়াদ নামে একজন শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ এপ্রিল) দুপুরে। অচেতন অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বেলা ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সোয়াদ ছিলেন দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র।

আরও পড়ুন: ঢাবির ফলাফল ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ, তদন্তে আইসিটি বিভাগ

ঘটনাস্থলে উপস্থিত সোহাগ ও সাগর নামের দুজন শিক্ষার্থী জানান, গরমের কারণে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সুইমিং পুলে বন্ধুদের নিয়ে গোসল করতে নামি। সাঁতার কাটার সময় হঠাৎ সোয়াদ পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া দুটোর দিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, আমি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত পরে জানাচ্ছি।

আরও পড়ুন: ঢাবি-চীনের এসসিএসআইও’র মধ্যে সমঝোতা স্মারক সই, সামুদ্রিক গবেষণায় জোরদার সহযোগিতা

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, আমি বিষয়টা শুনেছি। শহীদুল্লাহ হলের এক শিক্ষার্থী আমাকে বিষয়টি জানিয়েছে ফোন করে। প্রক্টর সাহেবও আমাকে জানিয়েছেন। আমি হাসপাতালে যাচ্ছি। সেখানে গেলে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।