ঢাবি শিক্ষার্থীর কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে গাউসিয়া কমিটির নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসিম হোসেনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি
সংগঠনটি জানায়, আসিম হোসেন গতকাল তাঁর ফেসবুকের Notes সেকশনে সুফি সাধকদের আধ্যাত্মিক সাধনা ও শিক্ষাগ্রহণের কেন্দ্র “খানকা” নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। ওই মন্তব্যে তিনি নারীদের সম্পর্কেও অবমাননাকর ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন, যা ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার পাশাপাশি নারীর মর্যাদাকেও অবমাননা করে।
আরও পড়ুন: মধ্যরাতে মতিঝিল আইডিয়াল থেকে ৪৬ শিক্ষককে বদলি
গাউসিয়া কমিটি এক বিবৃতিতে জানায়, ইসলাম প্রচারে খানকা ও সুফি সাধকগণ অতুলনীয় ভূমিকা রেখে আসছেন। তাঁরা আধ্যাত্মিক সাধনা, নৈতিক শিক্ষা ও মানবসেবার কেন্দ্র হিসেবে খানকা প্রতিষ্ঠা করেছেন, যা সমাজে ভ্রাতৃত্ব, সমতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.)সহ বহু সুফি আউলিয়ার প্রতিষ্ঠিত খানকা বাংলার ইসলাম প্রচার ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বিবৃতিতে বলা হয়, “একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন কুরুচিপূর্ণ মন্তব্য কেবল ইসলামবিদ্বেষ নয়, নারীর প্রতি চরম অসম্মানও প্রকাশ করে। এই ধরনের আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।”
গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।





