জুলাই জাতীয় সনদে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ, সংশোধন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন না করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘জুলাই রাজবন্দী অ্যালায়েন্স’। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন থেকে সনদের সংশোধন দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া আবেদন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সনদের প্রথম পৃষ্ঠায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে পটভূমি তুলে ধরা হয়েছে, তা সংক্ষিপ্ত, অসম্পূর্ণ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের যথাযথ প্রতিফলন ঘটাতে ব্যর্থ। এ ধরনের উপস্থাপনাকে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি অবমাননাকর বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি

বর্তমান সনদে ২৫ মার্চের গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের সূচনার কথা সংক্ষেপে উল্লেখ করা হলেও, প্রস্তাবিত সংশোধনীতে পাকিস্তানি বাহিনীর পাশাপাশি আলবদর, আলশামস ও রাজাকারদের ভূমিকা, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের সময়কাল এবং শহীদ ও নির্যাতিতদের পরিসংখ্যান বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখ্য সংগঠক অর্ণব হোসেন বলেন, “ইতিহাসের সঠিক উপস্থাপন আমাদের জাতীয় দায়বদ্ধতার অংশ। জুলাই জাতীয় সনদে কোনোভাবেই অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য রাখা উচিত নয়।” তিনি জানান, গত ১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে সংশোধনীর আবেদন জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মধ্যরাতে মতিঝিল আইডিয়াল থেকে ৪৬ শিক্ষককে বদলি

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনী গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।