নগর তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন
নগর তাপপ্রবাহের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে নীতিনির্ধারকদের জন্য প্রমাণভিত্তিক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৫ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “এক্সপোজিং হিডেন হিট: ম্যাপিং হিট-ড্রিভেন হেলথ ডিসপ্যারিটিস অ্যান্ড অ্যাডভান্সিং পলিসি ইমপ্লিকেশনস ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট ইন ঢাকা, বাংলাদেশ” শীর্ষক গবেষণা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে
ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে পরিচালিত এ গবেষণা প্রকল্পে অংশীদার হিসেবে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যুক্তরাষ্ট্রের টুলেইন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে গবেষকরা বাংলাদেশে ক্রমবর্ধমান নগর তাপপ্রবাহের প্রভাব, স্বাস্থ্যঝুঁকি এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি কার্যকর অভিযোজন কৌশল নির্ধারণে আন্তঃবিষয়ক গবেষণার গুরুত্বের ওপর জোর দেন।
আরও পড়ুন: এভারেস্ট জয়ী ঢাবির শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রবিউল আউয়াল।
অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য, গবেষণা কাঠামো এবং সম্ভাব্য ফলাফল নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, যুক্তরাষ্ট্রের অংশীদার বিশ্ববিদ্যালয়সমূহ এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শিক্ষক, গবেষক ও প্রতিনিধিরা অংশ নেন।
গবেষণা প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ। বিভাগটি নগর তাপপ্রবাহ ও জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব মূল্যায়নে প্রয়োজনীয় আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বিশ্লেষণ পরিচালনা করবে। উন্নত তথ্য বিশ্লেষণ, তাপমাত্রা মানচিত্রায়ন এবং পরিবেশগত পর্যবেক্ষণের মাধ্যমে ঢাকার বিভিন্ন অঞ্চলে চরম তাপমাত্রার স্থানিক ও কালিক বৈচিত্র্য শনাক্ত করা হবে।
প্রকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার। তিনি সহ-প্রধান গবেষক হিসেবে প্রকল্পের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষণা কার্যক্রম তদারকি করবেন।
গবেষণা প্রকল্পের মাধ্যমে অর্জিত তথ্য ও ফলাফল নীতিনির্ধারক, নগর পরিকল্পনাবিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়ন কৌশল প্রণয়নে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন এবং চরম তাপপ্রবাহজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, গবেষণাকে শুধু শ্রেণিকক্ষ বা গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে মানবকল্যাণে কাজে লাগাতে হবে।





