ঢাবি অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। পরে তিনি প্রদর্শনীতে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ ও প্রকৌশলী ময়নুল আবেদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক রাকিন নাওয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের অনন্য ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রতিবছর এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও উদ্যমী ও পরিশ্রমী করে তোলে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের শিল্পকর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা, শুরু ১৪ মার্চ
প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে এমএফএ দ্বিতীয় পর্বের শিক্ষার্থী ঝলক সাহা ‘আনোয়ারুল হক পুরস্কার’ পেয়েছেন। বিএফএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈকত কুমার মিস্ত্রী পেয়েছেন ‘রফিকুন নবী বিশেষ পুরস্কার’।
এ ছাড়া বিভিন্ন মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন নিহা রানী দাস (নিরীক্ষাধর্মী কাজ), মোছা. মোমেনুন নেছা সুরমা (তেলরং), অভিজিৎ চন্দ্র দে (জলরং), তাসনিম তারেক তূর্ণা (পেনসিল) এবং মো. ফাহিম চৌধুরী (ড্রইং)। অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন—আল-ফুরকান নয়ন, নৈঋতা পাল কৃষ্ণা, মং সোনাই রাখাইন, দেবাজ্যোতি বর্ষণ, শাশ্বত মজুমদার কাব্য ও প্রিয়াস দাস।
বিভাগের বিএফএ ও এমএফএ-এর ৭২ জন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে এবারের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত জয়নুল গ্যালারিতে প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।





