প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করল ভারত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:২০ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

আরও পড়ুন: হামলার জেরে সাময়িকভাবে বন্ধ রিয়াদ বিমানবন্দর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখন পর্যন্ত নয়াদিল্লি বা ঢাকা—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর কিছুক্ষণ পরই রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি

পরে বেলা ৩টার দিকে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।

ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ পর্যায়ের নেতাদের সম্মানে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের প্রচলন রয়েছে। সাধারণত ভবনের ফোরকোর্টে তিন বাহিনীর সমন্বয়ে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

এ ধরনের রাষ্ট্রীয় অভ্যর্থনার আগে পূর্ণাঙ্গ মহড়ার আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি সফররত শীর্ষ নেতার সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ আয়োজনেরও প্রচলন রয়েছে।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর কিংবা সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নিয়ে এখনো কোনো পক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রত্যাহারের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস