নিউইয়র্কের মেয়রের সঙ্গে অভিনয়ে জায়েদ খান
ঢালিউড অভিনেতা জায়েদ খান অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এক ফ্রেমে দেখা যাবে তাদের। জায়েদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সময় শুক্রবার (২২ মে) মধ্যরাতে তিনি গণমাধ্যমকে জানান বিষয়টি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে একই পর্দায় দেখা যাবে এই অভিনেতাকে। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত শর্টফিল্ম ইমিগ্রেন্ট ডায়েরিস এপিসোড ২-এ তারা একসঙ্গে কাজ করেছেন।
আরও পড়ুন: ‘নিজেদের ক্যারিয়ারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, নারীদের কঙ্গনার বার্তা
প্রবাসীদের জীবনসংগ্রাম ও নানা গল্প নিয়ে তৈরি এই শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ঠিকানায় মুক্তি পাবে। এর আগে গত মার্চে এর প্রথম পর্বটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।
এমন একজন বিশ্ববরেণ্য ও ক্ষমতাধর ব্যক্তিত্বের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে গণমাধ্যমকে জায়েদ খান বলেন ‘জোহরান মামদানি সরাসরি আমার সাথে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা শুধু আমার একার নয় বরং লাল-সবুজের বাংলাদেশের পতাকার জন্যই এক বিশাল গর্বের বিষয়।’
আরও পড়ুন: শাকিরার নতুন লুকে তোলপাড় সোশ্যাল মিডিয়া
মেয়রকে কীভাবে এই প্রজেক্টে যুক্ত করা হলো তার পেছনের গল্পও শোনান এই নায়ক। তিনি জানান, ঠিকানার রুহিন হোসেন ও তার স্ত্রী আনুভা শাহীন হোসেনের মাধ্যমেই এই অসাধ্য সাধন হয়েছে। তারাই মেয়রের দপ্তরে ইমেইল করে প্রজেক্টের বিস্তারিত জানান। এরপর বেশ কিছুদিন অপেক্ষার পর মেয়রের অফিস থেকে শুটিংয়ের শিডিউল পাওয়া যায়।
শুটিং সেটে ক্ষমতাধর এই মেয়রের মাটির মানুষ রূপ দেখেও মুগ্ধ হয়েছেন জায়েদ। নিজের স্বপ্নের মতো এই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন ‘তিনি পৃথিবীর একজন সেলিব্রেটি মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর। কিন্তু শুটিং সেটে তিনি কোনো অহংকার দেখাননি। বরং একজন সাধারণ অভিনেতার মতোই বারবার পরিচালকের নির্দেশ মেনে নিখুঁত শট দেওয়ার চেষ্টা করেছেন। কাজটি করে তিনি নিজেও ভীষণ আনন্দিত।’





