মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডের'

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫০ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পর্দায় আসতে এখনো বাকি প্রায় তিন মাস। অথচ মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রি থেকেই ছবিটির আয় ইতোমধ্যে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। ফলে মুক্তির আগেই সিনেমাটিকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

বাজার বিশ্লেষকদের হিসাবে, এখন পর্যন্ত বিক্রি হওয়া অগ্রিম টিকিটের ৭০ শতাংশের বেশি গেছে প্রিমিয়াম লার্জ-ফরম্যাট কিংবা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য। বড় পর্দায় উন্নত প্রযুক্তির মাধ্যমে সিনেমাটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা নেওয়ার আগ্রহ থেকেই দর্শকদের বড় একটি অংশ এসব বিশেষ স্ক্রিনের টিকিট কিনছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ক্যাজুয়াল লুকে নজর কাড়লেন সাফা কবির

তবে মুক্তির পর বক্স অফিসে সহজ যাত্রা নাও হতে পারে ‘ডুমসডে’র। বড়দিনের ছুটির মৌসুমে সিনেমাটি মুক্তি পাওয়ায় একই সময়ে বড় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে তাকে। ফরাসি-কানাডীয় নির্মাতা দ্যনি ভিলনভের ‘ডুন: পার্ট থ্রি’-ও একই সময়ে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। ফলে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ছুটির মৌসুমে দুই সিনেমার মধ্যে বক্স অফিস লড়াই দেখার অপেক্ষায় থাকবেন দর্শক ও বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, আইম্যাক্সসহ বড় পর্দার বিশেষ ফরম্যাটে ‘ডুন: পার্ট থ্রি’ দর্শকদের ভালো সাড়া পেতে পারে। অন্যদিকে প্রিমিয়াম লার্জ-ফরম্যাটের অন্যান্য থিয়েটারে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ উল্লেখযোগ্যসংখ্যক স্ক্রিন দখল করতে পারে। এ কারণে দুই সিনেমার ব্যবসার ধরনেও পার্থক্য দেখা যেতে পারে।

আরও পড়ুন: প্রকাশ পেল ‘মিশন ডিডিএলজে’র প্রথম গান ‘কাহিনি এখনো বাকি’

নতুন সিনেমার গল্প বুঝতে দর্শকদের আগের ঘটনাগুলো মনে করিয়ে দিতে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছে ডিজনি প্লাস। ‘ডুমসডে’ দেখার আগে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা নিতে ১৫টি সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে পুরোনো চরিত্র ও গল্পের সঙ্গে নতুন সিনেমার সম্পর্ক বুঝতে দর্শকদের সুবিধা হবে।

এদিকে মার্ভেল ভক্তদের জন্য আরও একটি চমক অপেক্ষা করছে। আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম: এনকোর’। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশেষ সংস্করণটিতে মূল সিনেমার পাশাপাশি কিছু অতিরিক্ত দৃশ্য যুক্ত করা হয়েছে। ‘ডুমসডে’র আগে দর্শকদের পুরোনো কাহিনির সঙ্গে ফের যুক্ত করাই এই বিশেষ প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।

শুধু অগ্রিম টিকিট বিক্রিই নয়, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলারও ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির পর এটি ডিজনির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলারের রেকর্ড গড়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী সর্বাধিক দেখা ট্রেলারের তালিকায়ও দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে।

সব মিলিয়ে মুক্তির আগেই টিকিট বিক্রিতে বড় সাফল্য, ট্রেলারের বিপুল জনপ্রিয়তা এবং দর্শকদের তুমুল আগ্রহ—সবকিছু মিলিয়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে। আগামী ১৮ ডিসেম্বর বড় পর্দায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।