ভেনিসের হামলার পর দেশে ফিরে বাঁধনের কড়া বার্তা আওয়ামী লীগকে

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:০৭ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগ তোলা অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ইতালির পুলিশের ভূমিকা, সেখানে পাওয়া নিরাপত্তা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এই অভিনেত্রী।

আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দেন বাঁধন। দলটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ হলেও ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। তাই এমন কোনো রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার কারণে ভবিষ্যতে দলটিকে লজ্জিত হতে হয়।

আরও পড়ুন: ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

বাঁধন বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন; তাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন। ‘সো আপনারা কী ধরনের রাজনীতি করবেন; সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করেছেন। আপনারা এমন রূপরেখা তৈরি করিয়েন না, যেটার জন্য আপনাদের ভবিষ্যতে লজ্জিত হতে হবে।’

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গত সপ্তাহে ইতালি যান বাঁধন। ৬ সেপ্টেম্বর ভেনিসের সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর সিনেমাটি ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের প্রেমিও বিসাতো দ’ওরো পুরস্কার জিতে নেয় বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: মা হওয়াটা আমাকে খুব অস্থির করে তুলেছে: নেহা ধুপিয়া

সিনেমার প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তার দাবি, তাকে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয়। শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ঘটনার সময় তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও সঙ্গে ছিলেন বলে জানান অভিনেত্রী।

ঘটনার পর দেশের বিভিন্ন শিল্পী ও সংস্কৃতিকর্মী বাঁধনের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ করেন অনেকে।