বিয়ের সাজে হাতে পিস্তল, কি এমন হলো তাসনিয়া ফারিণের ?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
তাসনিয়া ফারিণ। ছবি: চরকির সৌজন্যে
তাসনিয়া ফারিণ। ছবি: চরকির সৌজন্যে

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরির চেষ্টা করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে সিনেমায় প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি। এবার ইমরাউল রাফাতের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মধ্য দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।


আরও পড়ুন: ইমরান হাশমির সিনেমার যে গানগুলো আজও প্রেম-বিরহের সঙ্গী

প্রকাশিত ফার্স্টলুকে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন ফারিণ। বিয়ের সাজে এক হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। অন্য একটি ছবিতে তার পেছনে কালো পোশাকে রয়েছেন ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখ। ছবিগুলো ঘিরে সিরিজটির গল্প ও চরিত্র নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সিরিজে ক্যামেলিয়া নামের একটি চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, নামের মতোই চরিত্রটি কিছুটা অন্যরকম। সিরিজটি ডার্ক কমেডি ঘরানার হওয়ায় তার চরিত্রেও রয়েছে অন্ধকার দিক। এর আগে কমেডি সিরিজে কাজের অভিজ্ঞতা না থাকায় এটি তার জন্য নতুন কিছু। প্রচলিত থ্রিলার ও মার্ডার মিস্ট্রির বাইরে গিয়ে ভিন্ন স্বাদের গল্পে কাজ করতে চেয়েছেন তিনি।

আরও পড়ুন: ভালো অভিনেত্রীদের কাজ নিয়ে আলোচনা কম- আক্ষেপ শবনম ফারিয়ার

নির্মাতা ইমরাউল রাফাত জানান, সিরিজটির গল্পে রয়েছে নানা স্তর ও চমক। প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখার মতো ক্লিফহ্যাঙ্গার এবং একাধিক টুইস্ট রাখা হয়েছে। ডার্ক কমেডি ঘরানার কাজ হওয়ায় নির্মাণে চ্যালেঞ্জও রয়েছে বলে জানান তিনি।

সিরিজে পার্থ শেখের চরিত্রেও থাকছে ভিন্নতা। অন্যদিকে আরফান মৃধা শিবলু জানিয়েছেন, তার চরিত্রটি একেক সময় একেক রূপে হাজির হবে। গল্পে একটি পরিবারের বিষয়ও গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

নাজিম উদ দৌলার চিত্রনাট্যে নির্মিত ‘ডাকাতিয়া বাঁশি’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ অনেকে। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।