ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:১৮ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৩৬ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে জানানো হয়, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬ জনে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৯৭৫ জন। এ পর্যন্ত মোট ৩১ হাজার ৩৯৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ভর্তি হয়েছেন ৩৯১ জন। এছাড়া খুলনা বিভাগে ২৬৩ জন, বরিশালে ১৩৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, ময়মনসিংহে ৪৫ জন এবং রাজশাহীতে ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে আক্রান্তদের চিকিৎসা ও রোগ প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।