আগ্রাসন হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:১০ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক হামলা হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সম্ভাব্য হামলা মোকাবিলায় নতুন সামরিক প্রযুক্তি ও উন্নত সমরাস্ত্র ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেখারচি। রোববার (২৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তাঁর বক্তব্য তুলে ধরা হয়েছে।

শেখারচির দাবি, সম্ভাব্য সামরিক হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি শক্তিশালী ও প্রস্তুত। অসম যুদ্ধকৌশল বা ‘অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার’ এবং নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহারে দেশটির সামরিক সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: ‘ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে, এখন চুক্তি করতে চায়’: ট্রাম্প

ইরানি এই সামরিক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অতীতের সংঘাতগুলোর তুলনায় বর্তমান পরিস্থিতিতে রণকৌশলগতভাবে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইরানের স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সমন্বিতভাবে কাজ করার জন্য প্রস্তুত। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে আগের তুলনায় সক্ষমতা বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।

সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করে শেখারচি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ‘হঠকারী আগ্রাসন’ হলে প্রতিপক্ষকে নতুন ধরনের সামরিক সক্ষমতার মুখোমুখি হতে হবে। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে উন্নত অস্ত্র ও সামরিক প্রযুক্তির মাধ্যমে হামলার জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

ইরানের সামরিক কৌশলে অসম যুদ্ধপদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তুলনামূলক কম ব্যয়ের প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করে প্রতিপক্ষের ব্যয়বহুল ও ভারী সামরিক সরঞ্জাম মোকাবিলার সক্ষমতা তৈরি করেছে তেহরান। দীর্ঘদিন ধরে ইরান নিজস্ব ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়িয়ে আসছে। শেখারচির বক্তব্যে এসব সামরিক সক্ষমতার ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তার এমন বক্তব্য সামনে এলো। তবে তাঁর উল্লেখ করা নতুন সামরিক প্রযুক্তি বা সম্ভাব্য প্রতিক্রিয়ার নির্দিষ্ট ধরন সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।