ভোট কারচুপির বিরুদ্ধে সমাবেশের অনুমতি পাচ্ছে না ইমরানের দল

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৪ | আপডেট: ১২:০৯ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগের বিরুদ্ধে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) জনসভা ও সমাবেশ করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসলামাবাদ জেলা প্রশাসন। 

৩০ মার্চ ভোট পরবর্তী ফলাফলে কারচুপি এবং ‘সংবিধান থেকে বিচ্যুতি’র অভিযোগে ইসলামাবাদে সমাবেশ করতে চেয়েছিল পিটিআই। নিরাপত্তার কারণ দেখিয়ে  ইসলামাবাদ জেলা প্রশাসন সমাবেশের অনুমতি দেয়নি।

আরও পড়ুন: শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

এর আগে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) সমাবেশ নিয়ে সিদ্ধান্ত জানাতে জেলা প্রশাসনকে দুই দিনের সময়সীমা বেঁধে দেয় । এরপর ইসলামাবাদ জেলা প্রশাসন  জনসমাবেশ করার অনুমতি না দেওয়ার কথা জানাল।

এর আগে ইমরান খানের দল (পিটিআই) অনুরোধে সাড়া না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল এবং এই বিষয়ে আদেশ চেয়েছিল।

আরও পড়ুন: যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

এক বিবৃতিতে পিটিআইয়ের আঞ্চলিক সভাপতি আমির মাসুদ মুঘল অনুমতি না দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘোষণা করেছেন– তার দল আবার আদালতের কাছে যাবে। তিনি বলেন, রাজধানীতেও যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনার সরকারে থাকার কোনো অধিকার নেই।

ইমরান খানের প্রতিষ্ঠিত দলটি বিশ্বাস করে ক্ষমতাসীন শাসকরা তাদের নির্বাচনী ম্যান্ডেট চুরি করেছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-কে সুবিধা দেওয়ার জন্য ফর্ম ৪৭ এ ফলাফল পরিবর্তন করা হয়েছে।