ভারতীয় জাহাজ নিয়ে কঠোর সিদ্ধান্ত পাকিস্তানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ০৪ মে ২০২৫ | আপডেট: ৫:১০ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পহেলগাঁও আক্রমণের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। কেন্দ্র সরকার শনিবার এক বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন পাকিস্তানের পতাকা উড়ন্ত জাহাজ ভারতের কোনও বন্দরে প্রবেশ করতে পারবে না। একইভাবে ভারতীয় জাহাজও এখন পাকিস্তানের বন্দরে যেতে পারবে না। বাণিজ্যিক সব চুক্তি স্থগিতের পাশাপাশি একে অন্যের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে তারা। এই সিদ্ধান্ত বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রণালয় নিয়েছে। 

রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।   

আরও পড়ুন: সিয়াটলে স্পেস নিডলের কাছে বন্দুক হামলা, নিহত ২

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে পাকিস্তান নিম্নলিখিত পদক্ষেপগুলো অবিলম্বে কার্যকর করছে, ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না, পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দর সফর করবে না এবং বিশেষ কোনো ছাড় প্রয়োজন হলে তা পৃথকভাবে পর্যালোচনা করা হবে।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পোর্টস অ্যান্ড শিপিং শাখা থেকে এক নির্দেশনায় বলা হয়েছে সাম্প্রতিক সমুদ্র পরিস্থিতি বিবেচনায়, পাকিস্তানের সমুদ্রসীমা, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় অবিলম্বে ভারতীয় পতাকাবাহী জাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পাকিস্তানি পতাকাবাহী জাহাজও ভারতের কোনও বন্দরে যাবে না। বিশেষ ক্ষেত্রে অনুমতির বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ৬ জাহাজকে বাধা দেওয়ার দাবি ইরানের

এর আগে, শনিবার সকালে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুরপথে আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশিকার কোনও ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে। 

পাকিস্তান থেকে আমদানি পণ্য মূলত ওষুধ, ফল এবং তৈলবীজ। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে কয়েক বছর ধরে এসব পণ্যের আমদানিও কমে গেছে। এর আরও একটি কারণ হলো, ভারত পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ফলে ২০২৪-২৫ সালে ভারতের মোট আমদানির ০.০০০১% এরও কম ছিল পাকিস্তানি পণ্য।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও। এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি।