টাইফুন বুয়ালোইয়ের আঘাতে ভিয়েতনামে ১৯ জন নিহত, নিখোঁজ ২১

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৮ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন বুয়ালোই ভিয়েতনামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঝড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, নিখোঁজ আছেন আরও ২১ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেশী ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর সোমবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে বুয়ালোই। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি ছিল। ঝড় আছড়ে পড়ার আগের ২৪ ঘণ্টা ধরে ভারী বর্ষণ অব্যাহত ছিল।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চলীয় এনঘে এন ও হা তিন প্রদেশ। নিহত, নিখোঁজ এবং আহতদের সবাই এই দুই প্রদেশের বাসিন্দা। ভূমিধস ও হড়পা বানের কারণে বেশিরভাগ প্রাণহানি ঘটে। এছাড়া দুই প্রদেশে আংশিক ও সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত ১ লাখ বাড়িঘর। নষ্ট হয়েছে প্রায় ১০ হাজার একর জমির ধান ও অন্যান্য ফসল।

সোমবার ঝড়ের আঘাতে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ভিয়েতনামের মধ্যাঞ্চলের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিয়েতনামে আঘাত হানার আগে ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি করে টাইফুন বুয়ালোই। সেখানে অন্তত ২৬ জন নিহত এবং ১৪ জন নিখোঁজ হয়েছেন। সূত্র: রয়টার্স