চার বছর পর ভারত-চীনের আকাশপথে সরাসরি ফ্লাইট চালু
অবশেষে দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর চলতি মাসের শেষ দিকে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হচ্ছে। দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দীর্ঘ আলোচনার পর এই বিষয়ে চুক্তি হয়েছে বলে বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠকের পর এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: মোদি-জিনপিং বৈঠকের আগে বন্ধুত্বের সুর, বদলাচ্ছে দিল্লি-বেইজিং সমীকরণ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এ বছরের শুরু থেকে দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কারিগরি পর্যায়ের একাধিক বৈঠকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। অবশেষে চুক্তি চূড়ান্ত হওয়ায় শীতকালীন সূচি থেকেই ভারত-চীন সরাসরি ফ্লাইট চালু হবে।
চুক্তি অনুযায়ী, দুই দেশের বিমান সংস্থাগুলো নির্ধারিত রুটে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে তাদের উভয় দেশের বাণিজ্যিক ও নিরাপত্তাজনিত শর্ত মেনে চলতে হবে।
আরও পড়ুন: ভারত সফর শেষে নিজেরই বর্জ্য সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন
চুক্তির পরপরই ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংজু রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে শিগগিরই দিল্লি-গুয়াংজু রুটেও ফ্লাইট শুরু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইন্ডিগো জানায়, তাদের এয়ারবাস এ-৩২০ বিমান দিয়ে এই সেবা চালু হবে, যা দুই দেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও শিক্ষা খাতের পুনরুদ্ধারে সহায়তা করবে।
২০২০ সালে কোভিড-১৯ মহামারি এবং ভারত-চীন সীমান্ত উত্তেজনার কারণে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা, শিক্ষা ও পর্যটন খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়ে।
বিশ্লেষকরা মনে করছেন, চার বছরের বেশি সময় পর ফ্লাইট চালু হওয়া শুধু অর্থনৈতিক সম্পর্কই নয়, রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকেও একটি ইতিবাচক ইঙ্গিত।





