পারমাণবিক অস্ত্র চুক্তি: পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন সীমা স্বেচ্ছায় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নতুন ও আধুনিক চুক্তি তৈরির আহ্বান জানিয়েছেন। খবর আল-জাজিরার
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আগের ‘নিউ স্টার্ট’ চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য ভালোভাবে আলোচনার মাধ্যমে করা হয়নি এবং এটি বারবার লঙ্ঘিত হয়েছে। তিনি বলেন, পুরোনো চুক্তি বাড়ানোর পরিবর্তে দুই দেশের পারমাণবিক বিশেষজ্ঞদের বসে ভবিষ্যতের জন্য টেকসই ও উন্নত নতুন চুক্তি তৈরি করা উচিত।
আরও পড়ুন: সৌদিতে প্রায় ৩০ বছর পর শীতকালে রমজান
ট্রাম্প এর আগে নতুন পারমাণবিক চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে বেইজিং এ বিষয়ে তেমন আগ্রহ দেখায়নি বলে জানা গেছে।
নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এতে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার ঝুঁকি বাড়ছে।
আরও পড়ুন: মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
গত বছর পুতিন জানিয়েছিলেন, ওয়াশিংটন একই পদক্ষেপ নিলে রাশিয়া আরও এক বছর চুক্তিটি মেনে চলবে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব উপেক্ষা করেছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ায় রাশিয়া দুঃখ প্রকাশ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া দায়িত্বশীল অবস্থান বজায় রাখবে। তবে দেশটির জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আবুধাবিতে অবস্থান করা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা নিউ স্টার্ট চুক্তি ছয় মাস বাড়ানোর বিষয়েও আলোচনা করেছেন। যদিও চুক্তির নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আর মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। তাই এটি অনানুষ্ঠানিক সমঝোতার ভিত্তিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি বিশ্ব নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ এবং ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোর সমর্থনের জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা বলায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, প্রথম স্টার্ট চুক্তি ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। পরে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ‘নিউ স্টার্ট’ চুক্তি স্বাক্ষর করেন। এতে দুই দেশকে সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি পারমাণবিক ওয়ারহেড এবং ৭০০টি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান মোতায়েনের সীমা নির্ধারণ করা হয়। ২০২১ সালে পুতিন ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমঝোতায় চুক্তিটির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়।





