ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৫৮ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও ইরান সরকার তা নাকচ করেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান দাবি করেছেন, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।

বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইউসুফ পেজেশকিয়ান বলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন খবর শোনার পর তিনি বিষয়টি খতিয়ে দেখেন। তার সঙ্গে যোগাযোগ আছে এমন কয়েকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, আল্লাহর রহমতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিরাপদ ও সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

এর আগে মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন এবং একই হামলায় তার ছেলে মোজতবা খামেনি পায়ে আঘাত পান।

তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে চলমান ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের সমঝোতা: ফাঁস হওয়া ১২ শর্তে কী আছে?

তিন দিন আগে বাবার মৃত্যুর পর মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এখনো জনসম্মুখে আসেননি। এমনকি জাতির উদ্দেশে কোনো ভাষণও দেননি।

এ কারণে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার কারণে তিনি বর্তমানে ইরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে অবস্থান করছেন এবং সেখানে যোগাযোগের সুযোগ সীমিত।