যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৪৪ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে তৃতীয় দফায় সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে হামলার পর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের উপকূলীয় শহর বন্দর-ই মাহশাহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালানোর অভিযোগের পর এই সামরিক অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

সেন্টকমের দাবি, হামলার শিকার জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এছাড়া জাহাজের একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়, গত ১৬ জুন স্বাক্ষরিত শান্তি চুক্তির প্রতি প্রতিশ্রুতি রক্ষার জন্য ইরানকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতে এই সামরিক অভিযান অব্যাহত রাখা হচ্ছে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে, যুক্তরাষ্ট্রের যুদ্ধসচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর খেসারত দিতে হবে।’

উপকূলীয় শহরগুলোতে একের পর এক বিস্ফোরণ

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলজুড়ে একাধিক উপকূলীয় শহরে নতুন করে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হরমুজগান প্রদেশের বন্দর নগরী জাস্কে নতুন করে আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে একই শহরে অন্তত ১০টি বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এ ছাড়া বন্দর আব্বাস ও সিরিকে তিনটি করে মোট ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। চাবাহার বন্দর নগরীতেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বুশেহর প্রদেশের বন্দর-ই-দেয়ার শহরে পাঁচটি এবং আসালুয়েহ শহরে চারটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে একই প্রদেশে অন্তত ১২টি বিস্ফোরণের তথ্য প্রকাশ করা হয়েছিল।

আইআরআইবি আরও জানায়, খুজেস্তান ও বুশেহর প্রদেশের সীমান্তবর্তী ইমামজাদেহ শাহ আব্দুল্লাহ এলাকাতেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, সম্ভাব্য নতুন হামলা প্রতিহত করতে খুজেস্তান প্রদেশের উপকূলীয় শহর বন্দর-ই মাহশাহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।