ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩৭ বার হামলা সৌদি আরবের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইয়েমেনের তায়েজ ও হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি যুদ্ধবিমান ৩৭টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি। এসব হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

ইয়াহইয়া সারির ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমানগুলো খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে ইয়েমেনের দুই প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালায়। ২৪ ঘণ্টার মধ্যে মোট ৩৭ দফা বিমান হামলা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন: বিশ্ববাজারে টানা তিন দিন কমল তেলের দাম

তার দাবি, এসব হামলায় ইয়েমেনের বেসামরিক জনগণের মধ্যে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে।

সৌদি আগ্রাসন অব্যাহত: হুথি নেতা

আরও পড়ুন: সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

এদিকে আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আবদুল-মালিক আল-হুথি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে এবং ইসরায়েলের প্ররোচনায় সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ চালিয়ে যাচ্ছে।

এক বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ ও অবরোধের মধ্যেও ইয়েমেনের জনগণ তাদের দেশের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের মোকাবিলা করে যাচ্ছে। তার দাবি, চলমান সংঘাতে ইয়েমেন কখনো যুদ্ধ শুরু করেনি; বরং তারা আত্মরক্ষার অবস্থানে রয়েছে।

আল-হুথির বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনার নতুন ধাপ শুরু হয়েছে সানা বিমানবন্দরে সৌদি বিমান হামলার মধ্য দিয়ে। ওই হামলার কোনো বৈধ কারণ ছিল না বলেও তিনি দাবি করেন।

বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ

আল-হুথি আরও অভিযোগ করেন, দীর্ঘ ১২ বছরের সংঘাতের সময়ে সৌদি বাহিনী ইয়েমেনের বাজার, বাড়িঘর, হাসপাতাল ও স্কুলসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বহু নারী ও শিশু নিহত হয়েছে বলেও তিনি দাবি করেন।

তার অভিযোগ, ইয়েমেনের জনগণকে দুর্বল করা, তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বিভক্ত করার মাধ্যমে সৌদি নেতৃত্ব নিজেদের ক্ষমতা ও আঞ্চলিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়। জনগণের স্বাধীনতা সীমিত করা এবং নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টাও এর অংশ বলে তিনি দাবি করেন।

তবে আল-হুথি বলেন, ইয়েমেনের জনগণ তাদের অধিকার ছেড়ে দেয়নি এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে। তার দাবি, ইয়েমেনের পাল্টা হামলাগুলো সৌদি সামরিক ঘাঁটি ও তেল স্থাপনাকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে।

মক্কা নিয়ে সৌদি অভিযোগ প্রত্যাখ্যান

ইয়েমেন থেকে মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন আল-হুথি। তিনি এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করে দাবি করেন, বারবার এমন বক্তব্য প্রচার করা হচ্ছে যাতে তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়।

একই সঙ্গে সৌদি আরব সরাসরি যুদ্ধের দিকে পরিস্থিতি ঠেলে দিয়ে আঞ্চলিক অন্যান্য পক্ষকেও সংঘাতে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন আনসারুল্লাহ নেতা।

মক্কার মর্যাদাকে ব্যবহার করে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার অভিযোগে মুসলিম দেশগুলোর সৌদি আরবের কর্মকাণ্ডের বিরোধিতা করা উচিত বলেও আহ্বান জানান তিনি।

 সূত্র: তাসনিম নিউজ