সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন করার দাবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নবম ওয়েজবোর্ড অবিলম্বে বাস্তবায়ন, দশম ওয়েজবোর্ড গঠন এবং সাংবাদিকদের সাপ্তাহিক দুই দিনের ছুটি নিশ্চিত করার দাবি জানিয়েছে। রোববার (২৪ আগস্ট) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
আরও পড়ুন: ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের কোনো অভিন্ন বেতন কাঠামো নেই, অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়মিত বেতনও দিচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও ওয়েজবোর্ড কার্যকর হয়নি। তাই সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজবোর্ড গঠন জরুরি।
আরও পড়ুন: দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান
ডিআরইউ আরও জানায়, সাংবাদিকদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও সপ্তাহে নির্দিষ্ট ছুটি পান না তারা। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যেখানে সপ্তাহে দুই দিন ছুটি রয়েছে, সেখানে সাংবাদিকদের ওপর বাড়তি শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। তাই অবিলম্বে সাপ্তাহিক দুই দিনের ছুটি নিশ্চিত করতে হবে।
এছাড়া সংগঠনটি অন্যায্যভাবে সাংবাদিকদের চাকরিচ্যুতির প্রবণতা বন্ধেরও দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট কারণ ছাড়া এবং ওয়েজবোর্ড অনুযায়ী প্রাপ্য সুবিধা নিশ্চিত না করে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবে না।





