ক্র্যাবের ফল উৎসব: দেশীয় ফলের সমাহারে মিলনমেলা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ৫:৪২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশীয় ফলের ঐতিহ্য ও পুষ্টিগুণ তুলে ধরতে এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ফল উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীতে ক্র্যাব মিলনায়তনে (তৃতীয় তলা) এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফকরুল ইসলাম, আকবর হোসাইন মঞ্জু এবং সদস্য মাশুক নাজিম।

আরও পড়ুন: বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোমিন হোসেন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ। দেশীয় মৌসুমি ফলের সমৃদ্ধ আয়োজন দেখে অতিথিরা সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

বক্তারা বলেন, ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধবিষয়ক সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন; জাতীয় ও সামাজিক বিভিন্ন আয়োজনেও তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। দেশীয় ফলের এই উৎসব দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে সহায়ক হবে। পাশাপাশি দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করার আহ্বান জানান তারা।

আরও পড়ুন: আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবের দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ব্যস্ত নাগরিক জীবনে সাংবাদিকদের একত্রিত করে মৌসুমি দেশীয় ফলের স্বাদ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।

ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ফল উৎসবটি ক্র্যাব সদস্যদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ইসরাফ হোসেন ইসা, কামরুজ্জামান খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ক্র্যাবের সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সহ-সভাপতি শাহীন আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক খান মোহাম্মদ সালেক, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম ও আলাউদ্দিন আরিফ, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম, ক্র্যাবের উপদেষ্টা মর্তুজা হায়দার লিটন ও ইকরামুল কবীর টিপু, সিনিয়র সদস্য মহসীনুল করিম লেবু, শাহ মোহাম্মদ মনওয়ার জাহান কবীর, নাদিয়া শারমিন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান (মাহমুদ সোহেল), আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্লাহ নয়ন, কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেলসহ ক্র্যাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সদস্যরা দেশীয় ফল উপভোগ করেন। এতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।