ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ
বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাচনে শাহীন চৌধুরী (ত্রিপুরা এক্সপ্রেস) সভাপতি ও মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) ও সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূঁইয়া (ত্রিপুরা দর্পণ)। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক স্যান্দন) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।
আরও পড়ুন: সাংবাদিক কাদের গনি চৌধুরী বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক
ইমক্যাব নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। গত ২৯ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
সংগঠনের বিদায়ী সভাপতি দৈনিক এই সময়ের প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সোমনাথ দে, সাহাবুদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সাহাব উদ্দিন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক, ব্যারিস্টার জাকির হোসেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, আরবি এনার্জি হাব লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, ইমক্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ ও সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ। সবশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন





