বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব: প্রেস সচিব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৫ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।ছবিঃ সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণহানির ঘটনায় হতাহতের সংখ্যা গোপনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “২০০২ থেকে ২০২৪ সালের মধ্যে অসংখ্য বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন হিসেবে বলতে পারি, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। পরিবারগুলো প্রাথমিকভাবে নিখোঁজদের তালিকা করে, পরে হাসপাতাল ও কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তাদের শনাক্ত করে। মাইলস্টোন কলেজ চাইলেই দৈনিক উপস্থিতির রেকর্ড ব্যবহার করে হিসাব বহির্ভূতদের শনাক্ত করতে পারে।

পোস্টে প্রেস সচিব জানান, গতকাল স্কুল পরিদর্শনের সময় দুজন উপদেষ্টা ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপন করতে বলেন, যেখানে আহত ও মৃতদের তথ্য নিয়মিত আপডেট দেওয়া হবে। এ তথ্য মিলিয়ে দেখা হবে স্কুল রেজিস্ট্রারের রেকর্ডের সঙ্গে। কন্ট্রোল রুম পরিচালনায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যুক্ত করারও সুপারিশ দেওয়া হয়েছে। আজ থেকেই এটি সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার কথা।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা

শফিকুল আলম আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের অবস্থা নিয়ে নিয়মিত তথ্য দিচ্ছে এবং সেনাবাহিনীও এই প্রচেষ্টায় সহায়তা করছে। হতাহতের সংখ্যা কম দেখানোর কোনো প্রয়োজন বা উদ্দেশ্য সরকারের নেই।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, গতকাল আমরা ৯ ঘণ্টা স্কুলে ছিলাম। চাইলে দ্রুত চলে আসা যেত, কিন্তু উপদেষ্টারা শান্তিপূর্ণ সমাধানেই বিশ্বাসী ছিলেন। প্রয়োজনে আরও থাকতেও প্রস্তুত ছিলেন।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

প্রেস সচিব শেষাংশে বলেন, এই ঘটনা একটি জাতীয় ট্র্যাজেডি। প্রাণ হারানো শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ। এখন সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করার, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে। সরকার প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় নিরাপত্তা জোরদারে।