কাকরাইলে হামলাকারী লাল পোশাকধারী ডিবির নয়: ডিবিপ্রধান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:২৪ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন রঙের পোশাক পরা যুবক ডিবির কেউ নয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজই এই বোর্ড নুরের চিকিৎসা নিয়ে আলোচনায় বসবে। তবে বোর্ডের চিকিৎসকদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল

শনিবার (৩০ আগস্ট) সকালে নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, চোখ খুলতে পারছেন না তিনি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে।”

অপরদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ অভিযোগ করে বলেন, “গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বহিরাগতরাও হামলা চালায়। তাদের খুঁজে বের করতে হবে। এই হামলায় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জড়িত থাকতে পারে।”

আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এদিকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন টি-শার্ট পরা এক ব্যক্তি এক নেতাকর্মীকে বেধড়ক পিটুনি দিচ্ছেন, যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।