ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) যদি পক্ষপাতমূলক আচরণ করে, তবে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: খুদে বিজ্ঞানীদের মেধা ও উদ্ভাবনী শক্তিতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ
নাহিদ ইসলাম বলেন, “নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে এনসিপি সাধুবাদ জানায়। তবে এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির আমরা নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিটের মাধ্যমে আদালত ব্যবহার করা হচ্ছে। আমরা আইনগতভাবে ইসিকে লড়াই করতে বলেছি।”
এনসিপির আহ্বায়ক কালো টাকার ব্যবহার বন্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, “লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, ইসিকে সেটি দেখতে হবে।”
আরও পড়ুন: দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
গণভোটের বিষয়ে সঠিক প্রচারণার অনুরোধ জানিয়ে নাহিদ বলেন, “গণভোট প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে। প্রশ্নের বিষয়গুলো নিয়ে আগে থেকেই প্রচারণা চালানো জরুরি।”
তিনি রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণার সময় সব দলের প্রস্তুতির সুবিধার কথা উল্লেখ করেন।
এর আগে, সিইসির সঙ্গে বৈঠক করেছেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। এ সময় দল শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে।





