ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মণি

Sanchoy Biswas
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ৯:০৬ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুন: ৪১ লাখ পরিবারকে চলতি বছরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রজ্ঞাপনে জানানো হয়, The Bangladesh (Whips) Order, 1972 (P.O. 64 of 1972)-এর Article 3(1) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাকে চীফ হুইপ পদে নিয়োগ দিয়েছেন। ২ মার্চ ২০২৬ তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত নোটিশ ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় চীফ হুইপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, বিল ও গুরুত্বপূর্ণ প্রস্তাব পাসের সময় সমন্বয় সাধনসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেন তিনি। সরকারের আইন প্রণয়ন প্রক্রিয়ায় দলীয় অবস্থান সুসংহত রাখতে এ পদটি কার্যত মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করে।

আরও পড়ুন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে নূরুল ইসলাম মণি সংসদের কার্যক্রম আরও গতিশীল করতে পারবেন। মাঠপর্যায়ে তার সক্রিয় উপস্থিতি ও দলীয় কাঠামোর সঙ্গে নিবিড় সম্পৃক্ততা তাকে এ দায়িত্ব পালনে সহায়তা করবে বলেও তারা মনে করছেন।

এদিকে তার এ নিয়োগকে কেন্দ্র করে বরগুনা-১ ও বরগুনা-২ আসনের সাধারণ মানুষের মধ্যে সন্তোষ ও উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, জেলার প্রতিনিধিত্ব আরও জোরালো হবে এবং জাতীয় রাজনীতিতে বরগুনার অবস্থান সুদৃঢ় হবে।

চীফ হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নূরুল ইসলাম মণির ওপর এখন সংসদীয় কার্যক্রমে দলীয় সমন্বয় ও কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হলো। রাজনৈতিক মহলে তার নতুন দায়িত্ব পালন কীভাবে জাতীয় সংসদের কার্যক্রমে প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর।