আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা
সংস্থাটির চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করে তার হিসাব খোলার ফরম, কেওয়াইসি (KYC), লেনদেন বিবরণীসহ যাবতীয় দলিল তিন কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
উল্লেখ্য, তার বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ অভিযোগ জমা পড়েছে। বর্তমানে সংস্থাটি অভিযোগগুলো যাচাই-বাছাই করছে।





