মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ২৪৫টি ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর।
সর্বশেষ শুক্রবার (৬ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে এখন পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫টি।
আরও পড়ুন: ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশা: পররাষ্ট্রমন্ত্রী
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ৪টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট রয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করা অন্যায়: সংসদে ফজলুর রহমান
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে এবং আরও ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে।





