মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট: ঢাকায় ৩২০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ৩:২৮ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আগত বেশ কয়েকটি এয়ারলাইন্সকে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়েছে।

আরও পড়ুন: পাটশিল্পের বিকাশে বাড়বে কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম

গত কয়েক দিনে ধাপে ধাপে মোট ৩২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাতিল হওয়া ফ্লাইটের দিনভিত্তিক সংখ্যা হলো—২৮ ফেব্রুয়ারি ২৩টি, ০১ মার্চ ৪০টি, ০২ মার্চ ৪৬টি, ০৩ মার্চ ৩৯টি, ০৪ মার্চ ২৮টি, ০৫ মার্চ ৩৬টি, ০৬ মার্চ ৩৪টি, ০৭ মার্চ ২৮টি এবং ০৮ মার্চ ২৮টি।

আরও পড়ুন: ‘ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক ফোঁটাও বাড়বে না’: বাণিজ্যমন্ত্রী

এছাড়া ৯ মার্চ স্থানীয় সময় রাত ১২টার পর আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট। এর মধ্যে উল্লেখযোগ্য—Kuwait Airways (কুয়েত) ২টি, Air Arabia (শারজাহ) ৬টি, Gulf Air (বাহরাইন) ২টি, Qatar Airways (কাতার) ৪টি, Emirates (সংযুক্ত আরব আমিরাত) ৪টি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে। এ কারণে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।