ঈদে কাউন্টারে ভাড়ার চার্ট টানাতে হবে, ফিটনেসবিহীন বাসে মোবাইল কোর্ট: ডিএমপি কমিশনার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ৪:১৮ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে এবং ফিটনেসবিহীন বা লক্কর-ঝক্কর বাস যাতে রাস্তায় নামতে না পারে সে জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সরওয়ার।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর

ডিএমপি কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে টার্মিনালসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক সংখ্যক ডিবি, সোয়াত ও ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের সময় ট্রাক ও লরি চলাচল বন্ধ রাখা হবে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন তারেক রহমান

এ সময় ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে।

অন্যদিকে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করছে।