পরিচ্ছন্নতা কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ৫ হাজার টাকা করে পাচ্ছেন ১২ সিটি কর্পোরেশনের কর্মীরা

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ৬:০৮ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের সকল পরিচ্ছন্নতা কর্মীর জন্য বিশেষ ঈদ উপহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপহার হিসেবে প্রত্যেক কর্মী পাচ্ছেন ৫ হাজার টাকা।

আজ ১৫ মার্চ ২০২৬, রবিবার বিকেলে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে এই চেক তুলে দেন।

আরও পড়ুন: বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি ও সম্মানের নিদর্শনস্বরূপ এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, "দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, প্রধানমন্ত্রী তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সামান্য উপহার তাদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।"

আরও পড়ুন: ছুটির দিনেও বৈঠক, এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার

সরকার আগামীতেও নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে অনুষ্ঠানে জানানো হয়।