রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও প্রত্যাবাসন নিয়ে ঢাকায় গোলটেবিল বৈঠক
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাভিগেটিং রোহিঙ্গা ক্রাইসিস: ইজ রিপ্যাট্রিয়েশন আ ডিস্ট্যান্ট ড্রিম?’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর কনফারেন্স হলে বিআইআইটি ট্রাস্টের সহযোগিতায় এবং সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ (সিসিডি)-এর উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
আরও পড়ুন: খাদ্যে ভেজাল বিরোধী প্রতিষ্ঠানগুলো গতিশীল করতে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩ সদস্যের কমিটি
সিসিডির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক এবং দেশটির প্রেসিডেন্টের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইয়াসিন আকতাই।
আলোচনায় অংশ নেন সুজনের প্রতিষ্ঠাতা-সচিব ও দ্য হাঙ্গার প্রজেক্টের সাবেক কান্ট্রি ডিরেক্টর এবং গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ফজলি ইলাহী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. আবুল হাসান মু. সাদেক, ডেইলি সাবাহর সিনিয়র সম্পাদক ইসাম শেহাদাত, আল-কুদস ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের উপ-মহাপরিচালক ড. আইমান জেইদান, রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক (পিএসসি) এবং দৈনিক নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার।
আরও পড়ুন: তোমরাই আগামীর বাংলাদেশ এবং দেশ গড়ার মহান সৈনিক: ডা. জুবাইদা রহমান
এ ছাড়া আলোচনায় অংশ নেন তুরস্কে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাসুদ মান্নান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর সাবেক পরিচালক (গবেষণা) কর্নেল আশরাফ আল দীন, বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট (স্কুল অ্যান্ড কলেজ)-এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. এ. কে. এম. মাকসুদুল হক, নারী উদ্যোক্তা তাজিমা হোসাইন মজুমদার, মুসলিম এইড-ইউকে বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মা'হাদুল ফিকরি ওয়াদদিরাসাতিল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা শায়খ মুসা আল হাফিজ, সাংবাদিক ও শিক্ষাবিদ মীর লুৎফুল কবির সাদী, কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের নেতা ও সোশ্যাল এইডের চেয়ারম্যান প্রসূন কান্তি বড়ুয়া এবং সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট কাউন্সেলর সিস্টার রেবা ভি. কস্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ইয়াসিন আকতাই বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে তুরস্ক অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এম. আবদুল আজিজ বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানবাধিকার, আন্তর্জাতিক আইন, নিরাপত্তা, অভিবাসন, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সংশ্লিষ্ট একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সংহতি, কার্যকর কূটনৈতিক উদ্যোগ এবং সরকার, আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন, থিংকট্যাংক ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট কক্সবাজার ও ভাসানচরের আশ্রয়দানকারী জনগোষ্ঠীর ওপর উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি অনিয়মিত অভিবাসন, মানবপাচার, আন্তঃদেশীয় অপরাধ ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোও উদ্বেগজনক হয়ে উঠেছে। তারা জাতিসংঘ, আসিয়ান, ওআইসি, উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা এবং মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তা, নাগরিকত্ব এবং রাখাইন রাজ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালের এডিটর-ইন-চিফ মোহাম্মদ জাকির হোসেন, মানবাধিকারকর্মী ড. মাহদি হাসান, চিন্তক আহমেদ হোসেন মানিক, বিআইআইটির ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।





