বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর ঢাকা, টানা দ্বিতীয় বছর একই অবস্থান
বিশ্বের সবচেয়ে বাসযোগ্য ও বসবাসের অনুপযোগী শহরের বার্ষিক তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ২০২৬ সালের ‘গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্স’-এ বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৭১তম, অর্থাৎ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর। টানা দ্বিতীয় বছরের মতো একই অবস্থানে রয়েছে ঢাকা।
সোমবার প্রকাশিত ইআইইউর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে মাত্র ৪২ স্কোর। ঢাকার নিচে রয়েছে শুধু লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক।
আরও পড়ুন: কাজ করে ঠিকাদার বিল যাচ্ছে বিতর্কিত একাউন্টে অলিগার্ক ১০ ঠিকাদার এখনো দাপুটে
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ এবং অবকাঠামো—এই পাঁচটি সূচকের ভিত্তিতে শহরগুলোর বাসযোগ্যতা মূল্যায়ন করা হয়েছে। এসব সূচকে ঢাকার স্কোর হলো—স্থিতিশীলতায় ৪৫, স্বাস্থ্যসেবায় ৪২, সংস্কৃতি ও পরিবেশে ৪১, শিক্ষায় ৬৭ এবং অবকাঠামোতে মাত্র ২৭।
ইআইইউ বলছে, শিক্ষা খাতে তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং নগর ব্যবস্থাপনার দীর্ঘস্থায়ী দুর্বলতার কারণে ঢাকার বাসযোগ্যতা ধারাবাহিকভাবে নিম্নমুখী রয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইনবিদ আইরিন খান জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ পাচ্ছেন
অন্যদিকে, ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, যার স্কোর ৯৮। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা (৯৭), তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং চতুর্থ স্থানে সিডনি। শীর্ষ দশে সবচেয়ে বেশি তিনটি শহর রয়েছে অস্ট্রেলিয়ার। এছাড়া জাপানের টোকিও ও ওসাকা, সুইজারল্যান্ডের দুটি এবং কানাডার একটি শহরও তালিকায় স্থান পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সামগ্রিক বাসযোগ্যতার মান উন্নত হয়েছে। বিশেষ করে চীনের স্বাস্থ্যসেবা খাত এবং জাপানের নগর ব্যবস্থাপনার অগ্রগতির কারণে অঞ্চলটির গড় স্কোর বেড়েছে। তবে ঢাকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি শহরের দুর্বল অবস্থানের কারণে এশিয়ার সামগ্রিক উন্নয়ন আরও বেশি দৃশ্যমান হয়নি।
দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে পাকিস্তানের করাচি ৪৩ স্কোর নিয়ে ১৭০তম অবস্থানে রয়েছে, যা ঢাকার ঠিক এক ধাপ ওপরে।
ইআইইউর তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান গত কয়েক বছর ধরেই অবনতির দিকে। ২০২৩ সালে শহরটির অবস্থান ছিল ১৬৬তম, ২০২৪ সালে ১৬৮তম, ২০২৫ সালে ১৭১তম এবং ২০২৬ সালেও একই অবস্থানে রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈশ্বিক গড় বাসযোগ্যতার স্কোর ৭৬.১-এ অপরিবর্তিত থাকলেও ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশ্বের স্থিতিশীলতা সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়ন বৈশ্বিক স্কোরের বড় ধরনের পতন ঠেকাতে সহায়তা করেছে।





