বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ খুলল
বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম করতে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন কার্যকর না হওয়া ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করা হয়েছে। নতুন আইনের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তির গণ্ডি পেরিয়ে কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি, চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় শিক্ষা ও গবেষণার সুযোগ রেখে একটি আধুনিক ও বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। একই সঙ্গে দীর্ঘ ২৫ বছর ধরে কার্যকর না হওয়া ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ রহিত করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
বিলটি উত্থাপনের পর বিরোধী দলের একাধিক সংসদ সদস্য এটি বাছাই কমিটিতে পাঠানো এবং জনমত যাচাইয়ের জন্য প্রচারের প্রস্তাব দেন। তবে আলোচনা শেষে এসব প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালের ১৫ জুলাই ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ গেজেট আকারে প্রকাশিত হলেও নানা কারণে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম কখনোই শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালুর প্রক্রিয়া বিবেচনায় নতুন বাস্তবতায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
তিনি জানান, নতুন আইনের আওতায় কেবল বিজ্ঞান ও প্রযুক্তি নয়, বরং বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি শিক্ষা, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি, চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে যুগোপযোগী শিক্ষা, গবেষণা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই হবে বিশ্ববিদ্যালয়টির প্রধান লক্ষ্য।
সরকারের মতে, উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, গবেষণাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়নের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন আইন প্রণয়ন করা হয়েছে।
নতুন আইন কার্যকর হলে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম এবং অনুষদ সম্প্রসারণের মাধ্যমে এটিকে একটি বহুমাত্রিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের রাজধানীমুখী হওয়ার প্রবণতা কমার পাশাপাশি নিজ অঞ্চলে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।





