ভিসার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের
বাংলাদেশে ভারতীয় ভিসা ও বিভিন্ন কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে সচেতন থাকতে এবং কোনো ধরনের অর্থ লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভারতীয় ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
আরও পড়ুন: ৮১তম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান
হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।
এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত, আর্থিক বা ব্যাংকসংক্রান্ত কোনো তথ্য অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা
সতর্কবার্তায় আরও বলা হয়, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো ঘটনার মুখোমুখি হন, তাহলে দ্রুত বিষয়টি ঢাকায় ভারতীয় হাইকমিশনকে অবহিত করতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য visa.dhaka@mea.gov.in ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি পরিবার, বন্ধু ও পরিচিতদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।





